গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর দাবি করেছেন, জাতীয় সরকার গঠিত হলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দশমিনা ও গলাচিপা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। “এই জনপদকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিতে হবে,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের হাতে বিপুল সম্ভাবনা থাকলেও ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যৎকে দুর্ভোগে ঠেলে দিতে পারে। টেকসই উন্নয়ন ও তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
ভিপি নুর বলেন, “আমি ক্ষমতার লোভে রাজনীতি করি না। জনগণের অধিকার ও এলাকার উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দশমিনা ও গলাচিপাকে একটি পরিকল্পিত ও উন্নত জনপদে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

