ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিক অব্যাহতিপত্র জমা দেননি বলে জানান।
ড. নিয়াজ আহমদ খান জানান, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের মতো করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাজাতে পারে।” তিনি আরও বলেন, “আমি দায়িত্বে থাকব কিছুদিন, যাতে প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে পারি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তখনকার উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

