বাগেরহাটের মোংলায় পরিবেশ সুরক্ষার উদ্যোগ হিসেবে দুটি বড় নির্বাচনী জনসভা মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার সকালে থানার সামনের হেলিপ্যাড মাঠ এবং থানার পেছনের খেলার মাঠে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ ও সদস্য সচিব ফকির মো. জুয়েলের তত্ত্বাবধানে দলটির নেতাকর্মীরা মাঠজুড়ে ছড়িয়ে থাকা পলিথিনসহ বিভিন্ন ধরনের পরিবেশদূষণকারী আবর্জনা সংগ্রহ ও অপসারণ করেন।
এর আগে সোমবার বিকেলে হেলিপ্যাড মাঠে জামায়াতে ইসলামী এবং থানার পেছনের খেলার মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে দুটি মাঠেই বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে যায়, ফলে মাঠগুলো খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।
পরবর্তীতে বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ বলেন, “সোমবার দুটি মাঠে আলাদা দুটি রাজনৈতিক দলের জনসভা অনুষ্ঠিত হয়। এরপর রাতে পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদের মাঠ পরিষ্কারের দায়িত্ব দেন। মঙ্গলবার সকালে আমরা সেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে ডাম্পিং করেছি। মাঠে সবচেয়ে বেশি ছিল পরিবেশদূষণকারী পলিথিন।”
স্থানীয়রা জানান, দ্রুত মাঠ পরিষ্কারের ফলে আবারও মাঠগুলো খেলাধুলা ও জনসাধারণের ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে।

