নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি বিমানযোগে সৈয়দপুরে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার কাছে থাকা একটি ব্যাগ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর ১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

