রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দুই সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্ট।।

রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা এক ম্যাচে মূল খেলা টাই হওয়ার পর দুই দফা সুপার ওভারের লড়াই শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা, আর টানা দ্বিতীয় হার আফগানদের।

আহমেদাবাদে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে ২৬ বলে ৫১ রানের ঝড়ো জুটি গড়েন। তবে হঠাৎ ছন্দপতন—১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। জাদরান (১২), গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ অতল দ্রুত বিদায় নেন।

এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান গুরবাজ। ৪২ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও কেশভ মহারাজ তাকে ফিরিয়ে দিলে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। মাঝের দিকে দারউইশ রসুলি (১৫) ও মোহাম্মদ নবি (৫) ব্যর্থ হলে ১৩৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই (২২) ও রশিদ খান (২০) দলকে আশা দেখান। তবে তাদের বিদায়ের পরও লড়াই ছাড়েননি নুর আহমেদ। শেষ ওভারে কাগিসো রাবাদার দুই নো বল ও এক ওয়াইডে সমীকরণ সহজ হলেও জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান তুলতে পারেনি আফগানরা। চতুর্থ বলে রানআউটের পর ২ বল হাতে রেখেই ১৮৭ রানে অলআউট হয়ে ম্যাচ টাই করে তারা।

এনগিদির করা প্রথম সুপার ওভারে আজমতউল্লাহ দুই চার ও এক ছক্কায় ১৭ রান তোলেন। জবাবে ফজলহক ফারুকির ওভারে ডেওয়াল্ড ব্রেভিস ছক্কা মেরে আউট হন। ত্রিস্তান স্টাবসের চার ও শেষ বলে ছক্কায় দক্ষিণ আফ্রিকাও তোলে ১৭ রান—আবার টাই।

দ্বিতীয় সুপার ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে স্টাবস একটি ছক্কা ও ডেভিড মিলারের জোড়া ছক্কায় ২৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে কেশভ মহারাজের ওভারে আফগানিস্তান ২ উইকেটে তোলে ১৯ রান। ফলে ৪ রানে হেরে যায় তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম দ্রুত আউট হলেও রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক ৬১ বলে ১১৪ রানের জুটি গড়েন। ডি কক ৫৯ ও রিকেলটন ৬১ রান করেন।

শেষদিকে ডেভিড মিলার (২০) ও মার্কো জানসেন (১৬) দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন। আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই নেন ৩টি এবং রশিদ খান ২টি উইকেট।

নাটকীয়তায় ভরা এই ম্যাচ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটভক্তদের কাছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন