বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট।।

শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ব্যাগভর্তি নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ সময় একটি ল্যাপটপ ও টাকা বিতরণসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন ব্যক্তি টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানে বাড়ি থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়। তিনি জপসা ইউনিয়নের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রাজনগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট মাহফুজ আলম ও হাসান আল মান্নানকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সবশ্রম কারাদণ্ড কার্যকর হবে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন