সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানকে সমর্থনে একযোগে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে চার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

প্রার্থীরা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে এস এম আবুল কালাম আজাদ বলেন,

“রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।”

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন,

“সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে আমরা সমর্থন জানাতে এসেছি। দেশবিরোধী কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না।”

এ ঘোষণার মাধ্যমে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন