সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভোট প্রদান দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি বলেন, “গত দেড় বছর ধরে আমি আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। জনগণ নিশ্চিন্তে ও উৎসাহের সঙ্গে ভোট দিতে পারছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়।”
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “সব ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে আসেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।” সেনাপ্রধান সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটারদের উৎসাহের প্রশংসা করেন। তিনি বলেন, “সারা দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা।”
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, “যে কোনো দেশের গণতন্ত্রের ভিত্তি হলো সুষ্ঠু ভোট। আমাদের প্রত্যাশা, ভোটের এই উৎসবমুখর পরিবেশ সারাদেশে বজায় থাকবে এবং নির্বাচিত প্রার্থীরা জনগণের সেবায় নিবেদিত থাকবেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশে মোট ২৯৯ সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

