জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ আহ্বান জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণ যাতে তাদের ভোটের সঠিক প্রতিফলন পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের অসংগতি যেন না ঘটে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাহদী আমিন বলেন, জনগণ যে প্রত্যাশা ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছে, নির্বাচিত সরকার সেই প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশা করেন।
নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে নির্বাচনে সহিংসতার ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, অনেক ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে ভুয়া পর্যবেক্ষক তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে আগেই অবহিত করা হয়েছিল বলেও জানান তিনি। কমিশন কিছু পদক্ষেপ নিলেও তা আরও কার্যকর হতে পারত বলে মন্তব্য করেন মাহদী আমিন।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনে দলটির বিজয় নিশ্চিত। তবে তারা চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পর্যন্ত ভোট সংশ্লিষ্ট কার্যক্রমে নজরদারি অব্যাহত রাখার কথা জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

