উত্তর সুদানের নাইল রাজ্যে নীল নদে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাইবা আল-খাওয়াদ ও ডেইম আল-কারাই গ্রামের মধ্যবর্তী নদীপথে চলাচলের সময় ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফেরিটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
সুদানের সার্বভৌমতা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে নারী, বৃদ্ধা ও শিশুও রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পুলিশ মেজর জেনারেল কুরাশি হুসেইন জানান, এখন পর্যন্ত ছয় থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য খার্তুম থেকে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে এবং নাইল রাজ্যের সব সিভিল ডিফেন্স ইউনিটকে কাজে লাগানো হয়েছে।
এদিকে সুদান ডাক্তার নেটওয়ার্ক এক বিবৃতিতে দাবি করেছে, এ দুর্ঘটনা দেশের নদীপথ পরিবহনে নিরাপত্তা ঘাটতির বিষয়টি আবারও সামনে এনে দিয়েছে।
উল্লেখ্য, সুদানে নদীপথে ফেরি দুর্ঘটনা নতুন নয়। ২০১৮ সালেও নীল নদে একটি ফেরি ডুবে অন্তত ২৩ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল স্কুলগামী শিশু।

