ভোটগ্রহণ শেষে আঙুলে লাগানো অমোচনীয় কালি (ইনডেলিবল ইঙ্ক) থাকলে অজু ও নামাজ শুদ্ধ হবে কি না—এমন প্রশ্ন ঘিরে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে আলেম ও ফকিহদের মতামত স্পষ্ট করেছে ধর্মীয় মহল।
তারা জানান, অজুর সময় যেসব অঙ্গ ধোয়া ফরজ, সেসব অঙ্গে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে—এমন কোনো বস্তু থাকলে অজু শুদ্ধ হয় না। উদাহরণ হিসেবে নেলপলিশ, পেইন্ট বা এমন কোনো প্রলেপের কথা বলা হয়, যা চামড়ার ওপর আলাদা স্তর তৈরি করে পানি পৌঁছাতে বাধা দেয়।
তবে নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির প্রকৃতি ভিন্ন। সংশ্লিষ্ট আলেমদের মতে, এই কালি চামড়ার ওপর কোনো আবরণ তৈরি করে না; বরং চামড়ার উপরের স্তরে রঙের পরিবর্তন ঘটায়। ফলে এটি পানির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।
এ কারণে আঙুলে অমোচনীয় কালি লেগে থাকলেও অজু শুদ্ধ হবে এবং সেই অজু দিয়ে আদায় করা নামাজও সহিহ হবে বলে জানিয়েছেন তারা।

