ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হতেই ঢাকা-১৫ আসনে দেখা দিয়েছে বড় চমক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও এ আসনের হেভিওয়েট প্রার্থী ডা. মো. শফিকুর রহমান নিজ ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফল অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হারেন তিনি। এ কেন্দ্রে ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পান ৫৬০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পান ৫৬৫ ভোট।
গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছড়ায়। কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার সময় সমর্থকদের মধ্যে টানটান পরিস্থিতি বিরাজ করছিল।
সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। ঢাকা-১৫ আসনে দিনভর মোটামুটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া যায়।
ফল গণনা অব্যাহত থাকায় এ আসনের সার্বিক চূড়ান্ত ফলাফলের দিকে এখন নজর সবার।

