ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও দলটির নেতা তারেক রহমান–কে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র জানায়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই ওয়াশিংটনের এই শুভেচ্ছা বার্তা নতুন সরকারের প্রতি ইতিবাচক অবস্থান নির্দেশ করে। বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং উন্নয়ন সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিস্তৃত।
উল্লেখ্য, সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আনুষ্ঠানিক ফল ঘোষণা হলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পরবর্তী এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করছে।

