ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে ২১২ আসনে জয় পেয়েছে দলটি, যার মধ্যে ধানের শীষ প্রতীকে বিজয় এসেছে ২০৯ আসনে। দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে রয়েছে দলটি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু—সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হচ্ছেন?
দলের চেয়ারম্যান তারেক রহমান এবারের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই জয় পেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, দল সরকার গঠন করলে তিনিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
এটি হলে প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৯০ সালের পর থেকে দেশের সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন নারী নেত্রীরা। খালেদা জিয়া তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অন্যদিকে শেখ হাসিনা দীর্ঘ সময় সরকার পরিচালনা করেন।
রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের পর ক্ষমতার পালাবদল ঘটে। পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন অধ্যায় সূচনা করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রার সঙ্গে তারেক রহমানের বর্তমান অবস্থার মিল খুঁজে পাওয়া যায়। ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। এবার তারেক রহমানও প্রথম নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাচ্ছেন—ফলে ঐতিহাসিক পুনরাবৃত্তির সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতি বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল বলেন, নেতৃত্বকে নারী-পুরুষের বিভাজনে দেখা আধুনিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, নেতৃত্বের প্রশ্নে যোগ্যতা ও দক্ষতাই মূল বিবেচ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবারভিত্তিক নেতৃত্বের ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে বিদ্যমান। তবে নারীর রাজনৈতিক অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে দৃশ্যমানভাবে বেড়েছে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
গেজেট প্রকাশ ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্নের পর নতুন সরকার শপথ নেবে। প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান।

