বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমান-কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন শেহবাজ শরিফ।

পাকিস্তান হাইকমিশন-এর প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত ফোনালাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।

বার্তায় বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে শেহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্র—বিশেষ করে বাণিজ্য, আঞ্চলিক শান্তি ও উন্নয়নে—দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এই ফোনালাপে দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যান আমন্ত্রণের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানানো হয়।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায়ও শেহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি আগ্রহী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন