সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকার ঘোষণা জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং এখনো সেই অবস্থানে অটল আছেন। তিনি সামগ্রিক নির্বাচনী ফলাফলকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান।

পোস্টে তিনি দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত কয়েক মাসে অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের সাহসিকতা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, অনেকেই ফলাফলে ব্যথিত ও হতাশ— যা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।

তিনি উদাহরণ টেনে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০টি আসনে নেমে এসেছিল; দীর্ঘ ১৮ বছরের পথ পেরিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এখন তাদের লক্ষ্য মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।

সবশেষে জামায়াত আমির বলেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। তিনি জানান, নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন