বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুরের নবনির্বাচিত এমপি

ডেস্ক রিপোর্ট।।

চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানা-এ হস্তান্তর করা হয়।

আটকরা হলেন— শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্ত করা হয় বলে জানা গেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক পাঁচজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন