রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কলম্বোয় বৃষ্টির শঙ্কা, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট।।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে কলম্বো ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর সূচি থাকলেও বিকেল থেকেই বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ বলে জানানো হয়েছে। ফলে টস বিলম্বিত হওয়া বা ম্যাচ সংক্ষিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দিনভর তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আবহাওয়া থাকবে গরম ও আর্দ্র। কিছু আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে, ম্যাচ শুরুর আগে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। যদিও রাত ৮টার পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, তবুও বিচ্ছিন্ন বৃষ্টি পুরো রাতজুড়ে থাকতে পারে।

তবে আয়োজকদের স্বস্তি দিচ্ছে আর প্রেমাদাসা স্টেডিয়ামের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। পিচ ও পুরো মাঠ ঢেকে রাখার মতো কভার থাকায় বৃষ্টির পানি দ্রুত সরানো সম্ভব। সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করা যায় বলে জানা গেছে।

এদিকে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভারতের অনুশীলন সেশন ব্যাহত করতে পারে। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি, যদিও কয়েকটি ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল।

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে চার পয়েন্ট করে রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নেট রানরেটে (৩.০৫০) এগিয়ে থাকায় শীর্ষে ভারত, যেখানে পাকিস্তানের নেট রানরেট ০.৯৩২। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বে এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন