বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট।।

ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে টানা অভিযান পরিচালনায় মার্কিন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এতে দুই দেশের মধ্যে আগের তুলনায় আরও গুরুতর সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিকল্পনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ তথ্য প্রকাশ্যে আসায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন করে চাপ সৃষ্টি হতে পারে।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে সম্প্রতি ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের সামরিক প্রস্তুতি জোরদার করায় নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজসহ আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।

শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘একটি চুক্তি করা কঠিন’ হয়ে পড়েছে। তিনি মন্তব্য করেন, কখনও কখনও পরিস্থিতি মোকাবিলায় ভীতি সৃষ্টির প্রয়োজন হয়।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। বিভিন্ন মতামত শোনার পর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন