ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন উইলিয়াম নানা আকুফো আদো।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বর্তমানে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিশন প্রধান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা লক্ষ্য করা গেছে। তবে তিনি সব অংশীদারকে শান্ত ও সংযত আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো বিরোধ প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশংসার দাবিদার।
পরবর্তী নির্বাচনী চক্রের প্রস্তুতির প্রসঙ্গ তুলে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনার আহ্বান জানান, যাতে পর্যবেক্ষকদের সুপারিশগুলো অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে আরও উন্নত নির্বাচন আয়োজন সম্ভব হয়।
সবশেষে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে অংশ নিয়েছে। সবাইকে উদারতা ও ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

