ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসঙ্ঘ।
শনিবার এক বার্তায় সংস্থাটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বার্তায় উল্লেখ করা হয়, জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন—জাতীয় সংহতি জোরদার করা, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।
সংস্থাটি আরও জানায়, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে, তখন রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, মহাসচিব আশা করছেন—বাংলাদেশে চলমান ইতিবাচক ধারা বজায় থাকবে এবং গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে।
জাতিসঙ্ঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে পাশে থাকার আশ্বাসও পুনর্ব্যক্ত করা হয়েছে।

