রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বয়কটের হুমকি পেরিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ভারত–পাকিস্তান লড়াই

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর যেকোনো টুর্নামেন্টেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত–পাকিস্তান ম্যাচ। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি। তবে এবার ম্যাচটি আয়োজন ঘিরে তৈরি হয় বড় ধরনের অনিশ্চয়তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে তিন শর্তে ম্যাচটি খেলতে সম্মত হয় তারা। যদি ম্যাচটি না হতো, তবে আইসিসি ও ব্রডকাস্টারদের ৬ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো বলে ধারণা করা হয়।

আয়োজক দেশ শ্রীলঙ্কা পাকিস্তানকে ম্যাচটি খেলার অনুরোধ জানায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ বিক্রি হয়ে যায় ৩৫ হাজার টিকিট। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও জানান, দল কলম্বো যাচ্ছেই।

দুই দেশের রাজনৈতিক উত্তাপ নতুন নয়। গত বছর কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়। তখনও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি ওঠে ভারতে। যদিও ম্যাচটি হয়েছিল, তবে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো এবং ট্রফি গ্রহণ বিতর্ক নিয়ে আলোচনার ঝড় ওঠে। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারত ট্রফি নেয়নি এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে।

কলম্বোতে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ক্রিকেটের চেতনাকে সমুন্নত রাখা উচিত। তার ভাষায়, “খেলাটা যেভাবে হয়ে আসছে, সেভাবেই হওয়া উচিত। সিদ্ধান্ত তাদের (ভারত), তারা যা খুশি করতে পারে।”

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ভালো নয়। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হারিয়েছিল পাকিস্তান। তবে সালমানের আশা, প্রতিটি ম্যাচই নতুন দিন এবং সেদিন ভালো খেললেই জয় সম্ভব।

অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব অতীত সাফল্যে আত্মতুষ্ট না হওয়ার বার্তা দিয়েছেন। তার মতে, প্রতিটি ম্যাচকে নতুন করে দেখতে হবে এবং মানসিকভাবে সতেজ থাকতে হবে।

টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ দেখায় ১৩ বার জয় পেয়েছে ভারত, পাকিস্তান জিতেছে তিনবার। সবশেষ পাঁচ দেখাতেই জয় ভারতের। চলমান আসরে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ৪ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। সমান ৪ পয়েন্ট ভারতেরও, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে।

রাজনৈতিক উত্তাপ থাকলেও ম্যাচটি মাঠে গড়ানোয় স্বস্তি ক্রিকেটবিশ্বে। কোটি কোটি দর্শক এখন অপেক্ষায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি মহারণ দেখার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন