বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি বাহারুল আলম

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণের পর পদত্যাগ করতে পারেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ করেননি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত স্বপদে বহাল থাকতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে আইজিপির সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি এর আগে ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করেছিলেন। পরে অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। বর্তমান চুক্তি অনুযায়ী, চলতি বছরের ২১ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন