রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

ডেস্ক রিপোর্ট।।

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি সিইও বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’

বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়ে সভাপতি লেখেন, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং দ্রুতই ফিরবেন।

বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা চলছে। বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে দেশের ক্রিকেট অঙ্গনে।

এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে।

নান্নু বলেন, ‘নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।’

বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে বেশ কয়েকটি ক্লাব ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করেছে। ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব প্রসঙ্গে নান্নু বলেন, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা যাবে না।

তার ভাষ্য, ‘আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনে এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি গ্রহণযোগ্য সমাধান আসুক।’

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন