সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট।।

নতুন সরকারের পাশে থেকে ‘পাহারাদারির’ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালাহ মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াত নতুন সরকারের পাশে থাকবে এবং হাতে হাত রেখে কাজ করবে। তবে জনগণের স্বার্থ বিঘ্নিত হলে দলটি তার সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করবে। তার ভাষ্য, “এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো পুনর্গঠনে সরকারি দলের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জামায়াত জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সিন্ডিকেটবিরোধী পদক্ষেপে সহযোগিতা করবে বলেও জানান।

জামায়াত আমির আরও বলেন, বিশ্বের সভ্য দেশগুলোর সংসদে কার্যকর ও গঠনমূলক বিরোধীদলের যে সংস্কৃতি রয়েছে, বাংলাদেশেও তা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। সংসদে বিরোধী দলের ন্যায্য অধিকার ও কথা বলার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ ছিল না। সরকারি দল ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তবে এই পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে না; এজন্য সবার আন্তরিকতা প্রয়োজন।

নির্বাচনের আগে জনগণের সামনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিরোধীদল হিসেবে সেগুলো বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন শফিকুর রহমান। তিনি বলেন, “সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সবসময় জনগণের সঙ্গে থাকবে।”

অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশ থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন