রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ডাক পেলেন আমিনুল হক

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির নবগঠিত সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল। তবে তিনি জয়ী হতে পারেননি। ওই আসনে তিনি পরাজিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে।

নির্বাচনে পরাজিত হলেও গত কয়েকদিন ধরেই তাকে ঘিরে ছিল জোর গুঞ্জন। নির্বাচিত হলে নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে তার নাম প্রায় নিশ্চিত ছিল বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ছিল। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ায় ক্রীড়ামন্ত্রীর পদে কে আসছেন—তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য তালিকায় একাধিক নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত টেকনোক্র্যাট কোটায় আমিনুলের অন্তর্ভুক্তির গুঞ্জনই সত্যি হলো।

ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমিনুল হককে ফোন করে শপথগ্রহণের বিষয়ে জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন