বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কুমিল্লার হোমনায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার কুমিল্লা জেলার হোমনা উপজেলায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন—প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং সৌদি আরব প্রবাসী সাত্তারের পাঁচ বছর বয়সী ছেলে জুবায়ের। ঘটনার সময় তারা নিজ ঘরেই অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ জানালা দিয়ে তাকিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন