ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা আজ শপথগ্রহণ করেছেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সকালে রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচিত সংসদ সদস্যদের আগে শপথ পড়ানো হয়। তবে বিএনপির এমপিরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠান শুরুর আগে তিনি দলীয় এমপিদের এ সিদ্ধান্তের কথা অবহিত করেন।
এ ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি বৈঠকে বসে এবং পরবর্তীতে দুই ধরনের শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয়। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা পরে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের পাশাপাশি বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনে দিনভর রাজনৈতিক তৎপরতায় সরগরম পরিবেশ বিরাজ করছে।

