ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, তা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে উল্লেখিত অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত এ সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদই হবে প্রধান প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নতুন ধারা সূচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
শপথ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। তাই ওই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। “আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এখানে এসেছি, আগামীতেও রাষ্ট্র পরিচালনা হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে,” বলেন তিনি।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২(ক) ধারা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে অপারগ বা অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। সে বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করিয়েছেন।
শপথের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমান-কে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। বৈঠকে উপস্থিত সদস্যরা ওই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।
এছাড়া, সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তারেক রহমান দুইটি নির্দেশ দিয়েছেন বলেও জানান সালাহউদ্দিন আহমদ—
১. কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না।
২. সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না।
তিনি বলেন, “আজ থেকে পরিবর্তনের শুরু। সংসদ সদস্য হলেই কেউ বিশেষ সুবিধাভোগী হবেন—এ ধারণা বদলাতে হবে।”

