সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা জামায়াতে ইসলামীর

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদের সামনে নিজ হাতে রাস্তা পরিষ্কার করে কর্মসূচির সূচনা করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীনসহ মিরপুর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়তে চাই। প্রত্যেকে যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি, তাহলে দেশও পরিচ্ছন্ন হবে।”

তিনি আরও বলেন, “জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও হতে পারতাম না বিরোধী দলীয় নেতা। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”

দলীয় সূত্র জানায়, পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন