রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে একগুচ্ছ সংস্কার ও সম্প্রসারণ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুর পল্লবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

সংসদ ভবনে শপথ নেওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের স্লোগান হবে—ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা।”

আমিনুল হক জানান, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কার্যক্রম জোরদারে নতুন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ১৫ জন করে বিশেষায়িত ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ হাজার ৯২০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যা সাবেক খেলোয়াড়দের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”

খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়দেরও সরকারি বেতনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

ঢাকা মহানগরের প্রতি দুটি ওয়ার্ডে অন্তত ৩ থেকে ৪ বিঘা আয়তনের একটি করে খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার কথা মাথায় রেখে দেশে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান আমিনুল হক। এর মাধ্যমে দেশীয় ক্রীড়া সামগ্রী উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্রীড়াঙ্গনে বিদ্যমান অস্থিতিশীলতা ও বিভক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়, সংগঠক ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব কমিয়ে একটি পারিবারিক পরিবেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, “আমি শুধু অবকাঠামো নয়, বরং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকে বেশি মনোযোগ দিতে চাই।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন