মেডিক্যাল ভিসায় ভারতে গিয়ে নির্ধারিত সময়ের পরও দেশে না ফেরায় ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি রাতে কলকাতার কলিন স্ট্রিট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আলিমুন গাজী, আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, আজম মোল্লা, জাহিদুল ইসলাম ও ফয়সাল আমিন। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। আটককৃতদের মধ্যে আজম মোল্লা নামে একজন সংগীতশিল্পী রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর তারা মেডিক্যাল ভিসা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরবর্তীতে কলকাতার নিউমার্কেট, পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে অবস্থান করছিলেন। তাদের কয়েকজন স্থানীয়ভাবে কাজের সন্ধানও করছিলেন বলে অভিযোগ রয়েছে।
নিয়মিত নথিপত্র যাচাইয়ের সময় সন্দেহ হওয়ায় পুলিশ তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখতে পায়, চলতি বছরের জানুয়ারিতেই সবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। এরপরই তাদের আটক করা হয়। প্রত্যেকের কাছ থেকে বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তবে তারা বর্তমানে বাংলাদেশে ফিরতে অনিচ্ছুক বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
১৬ ফেব্রুয়ারি তাদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। সাজা বা আইনি প্রক্রিয়া শেষে নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

