সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিচার ছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

ডেস্ক রিপোর্ট।।

নতুন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের ম্যান্ডেট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

মঞ্জু বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্র-জনতা বা ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। শত শত শহীদের রক্তের বিনিময়ে তৈরি ‘জুলাই সনদ’ যেন কোনোভাবে ভূলুণ্ঠিত না হয়।”

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা গণহত্যার বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগের সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমকে দৃঢ়তার সঙ্গে চালিয়ে যেতে বলেন। মঞ্জু অভিযোগ তোলেন, আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় কার্যালয় খুলছে, যা একটি নিষিদ্ধ সংগঠনের জন্য অনৈতিক এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আক্রমণের প্রমাণ রয়েছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে মঞ্জু বলেন, টিআইবি রিপোর্ট অনুযায়ী ভোট জালিয়াতি ২২ শতাংশ ক্ষেত্রে হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে ‘চর দখলের মতো’ নির্বাচনের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ নির্বাচনে স্বচ্ছতার জন্য সাংবাদিক, পুলিশ, চিকিৎসক ও সাধারণ নাগরিকদের জন্য ‘পোস্টাল ব্যালট’ বা আগাম ভোটের বিধান চালুর প্রস্তাব দেন।

সহিংসতা রোধ ও বাজার নিয়ন্ত্রণ বিষয়ে মঞ্জু স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রস্তাব সমর্থন করেন।

দূর্নীতি ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যা গ্রহণযোগ্য নয়। নতুন সরকারকে মন্ত্রী, এমপি ও আমলাদের দায়িত্ব নেওয়ার আগে ও পরে সম্পদের হিসাব প্রকাশ করার মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতি দৃশ্যমান করতে হবে।

মঞ্জু আশা প্রকাশ করেন, নতুন সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রতি বিনয়ী হবে এবং একটি ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন