বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। স্বজনপ্রীতি ও প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখার বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে যে শ্রমবাজার সম্প্রসারণ হয়েছিল, তা পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফর নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মত দেন তিনি।

এছাড়া, আগামী ১৮০ দিনের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানান প্রতিমন্ত্রী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন