নেত্রকোণার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের সাতাশি নামাপড়া গ্রামের কৃষক আব্দুল মোতালিবের আলগা ঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু বাছুর অর্ধদগ্ধ এবং খাট, ধান, পাটকড়ি, কুড়া, ভূষি, লাকড়ি ও একটি বাইসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে আব্দুল মোতালিব আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) গভীররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ধারণা মশা-মাছি তাড়ানোর জন্যে ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে । প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
কৃষক আব্দুল মোতালিব ও তাঁর পরিবারের দাবি সবমিলিয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
আব্দুল মোতালিবের ধারণা কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান আহত বাছুরদের প্রাথমিক চিকিৎসাসেবা ও ঔষধ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

