২০২৬–২৭ মেয়াদের জন্য বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল কাসেম খান। বিল্ডের ৩৯তম ট্রাস্টি বোর্ড সভায় ‘ডিড অব ট্রাস্ট’-এর বিধান অনুযায়ী তার মনোনয়ন অনুমোদন করা হয়।
২০২০ সাল থেকে তিনি বিল্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসায়িক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আবুল কাসেম খান বর্তমানে একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান এবং একে খান টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কর্তৃক মনোনীত হন এবং ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে ডিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সাল থেকে বিল্ড, ডিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সহযোগিতায় দেশের শীর্ষ পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংস্থাটি প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারিয়েট হিসেবেও দায়িত্ব পালন করে।
বিল্ড সাতটি অগ্রাধিকারভিত্তিক খাতে কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে কৌশলগত গুরুত্ব দেওয়া হয়।
সংস্থাটির লক্ষ্য হলো দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প প্রবৃদ্ধির পথে থাকা নীতিগত ও নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা। গবেষণা ও তথ্য-প্রমাণভিত্তিক প্রস্তাবনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বিল্ড।

