জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি দিনব্যাপী নানা কার্যক্রমে অংশ নেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে দুপুরে তিনি ক্যাম্পে পৌঁছান। সেখানে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
বিকেলে তিনি ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মাঠে মংডু ও বুথিডংয়ের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালীন মাঠে নামেন ও রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেলেন। শেষে তিনি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপজয়ী জার্মানি দলের শিরোপা তুলে দেন।
সন্ধ্যায় তুর্কি সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে প্রথম রোজার ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ছাড়াও তুরস্কের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানযোগে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। কক্সবাজার জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান তাদের স্বাগত জানান। পরে শহরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নেকমোদ্দিন বিলাল এরদোয়ান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা নানা সংকটে রয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে। তুরস্ক সরকার এই সংকট সমাধানে পাশে থাকবে।
আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ক্যাম্পের বন্ধ শিক্ষাকেন্দ্রগুলো পুনরায় চালু করার জন্য তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমোদ্দিন বিলাল এরদোয়ান এই বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, টিকা’র একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে। প্রকল্পে ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দিয়েছে তুর্কি সরকার। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উদ্বোধনে উপস্থিত ছিলেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।

