রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ চত্বরে পবিত্র রমজান উপলক্ষে ইসলামি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে পুরো রোজার মাস চলবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জানান, মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের বইমেলায় মোট ৬১টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে এবং বিশেষ কিছু বই ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে।
মেলা ধর্মপ্রাণ পাঠক ও ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী লোকদের জন্য জ্ঞান ও ধার্মিকতার এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

