বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

ডেস্ক রিপোর্ট।।

মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই মৎস্যজীবী বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজের বরাতে জানায়, দুটি কার্গো ট্রাকের মাঝখানে পড়ে যায় পিকআপটি। সংঘর্ষের পর সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এদিকে, গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থানরত মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

মিসরে সড়ক দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে ট্রাক ও মাইক্রোবাসের অতিরিক্ত গতি, ভাঙাচোরা সড়ক-মহাসড়ক এবং ট্রাফিক আইন যথাযথ প্রয়োগ না হওয়াকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করা হয়। প্রতি বছরই দেশটিতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন