রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাতৃভাষা দিবসে ফিফার বিশেষ পোস্ট, সামিত সোমের ছবিতে বাংলায় বার্তা

ডেস্ক রিপোর্ট।।

আজ (২১ ফেব্রুয়ারি) সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা বহু ভাষা শহীদ আত্মত্যাগ করেন। দিবসটি ঘিরে ক্রীড়াঙ্গনেও দেখা গেছে বিশেষ আয়োজন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাতৃভাষা দিবসে বিশেষ পোস্ট দিয়েছে। কানাডাপ্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোম-এর ছবি ব্যবহার করে তারা লিখেছে, ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ ছবিতে বাংলায় যুক্ত করা হয়েছে— ‘ফুটবলই আমাদের ভাষা।’ পোস্টটি কাস্টম প্রাইভেসিতে দেওয়া হয়েছে, ফলে এটি মূলত বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান।

প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় হামজা চৌধুরী-এর পর আরও কয়েকজন খেলোয়াড় লাল-সবুজের জার্সি গায়ে তুলেছেন। বিশ্ব ফুটবলে বাংলাদেশের উপস্থিতি নতুন করে তুলে ধরার এই প্রেক্ষাপটে ফিফার পোস্টকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকেই।

এদিকে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।”

অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তায় জানিয়েছে, “তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন