বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র পাঁচ দিন বাকি—এমন সময় দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তা তার বিয়ে নয়, বরং আসন্ন সিনেমা ‘ককটেল টু’-এ সম্ভাব্য এক স্পর্শকাতর চরিত্র নিয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যানন-এর সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় দেখা যেতে পারে রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশমিকা। বিয়ের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই প্রকাশ্যে আসে তার নতুন সিনেমার সম্ভাব্য প্লট।
জানা গেছে, নির্মাতা হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল টু’ সিনেমায় রাশমিকা ও কৃতি শ্যানন সমকামী দম্পতির ভূমিকায় অভিনয় করতে পারেন। তাদের সম্পর্কের টানাপোড়েন এবং তৃতীয় ব্যক্তি হিসেবে শাহিদ কাপুর-এর উপস্থিতি ঘিরেই আবর্তিত হবে গল্প।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ব্লকবাস্টার Cocktail-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল। সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে কৃতি, রাশমিকা ও শাহিদের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর থেকেই নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিয়ের আগমুহূর্তে এমন চরিত্রে অভিনয়ের গুঞ্জন রাশমিকাভক্তদের মাঝে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

