বাঙালির কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, এক ধরনের আবেগ। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে সামাজিক মাধ্যমে চলে নানা মজার পোস্ট ও মিম। সেই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী—‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ চালু করে।
অ্যাপটির উদ্ভাবক আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জুবায়ের জানান, এটি মূলত একটি মজার (ফান) প্রজেক্ট। ওয়েবসাইট ও অ্যাপে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা কোথায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে—সেই তথ্য যোগ করতে পারবেন। অন্য ব্যবহারকারীরা ম্যাপে দেখে জানতে পারবেন সংশ্লিষ্ট স্থানের তথ্য।
তিনি গণমাধ্যমকে বলেন, “এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায়। যে কেউ চাইলে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে।”
রমজানের শুরুতেই এমন উদ্যোগ সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটিকে প্রযুক্তির মজাদার ও সৃজনশীল ব্যবহার হিসেবে দেখছেন। কেউ বলছেন, এটি ইফতারের সময় মানুষের মিলনমেলার একটি নতুন ডিজিটাল মাধ্যম হয়ে উঠতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ছোট পরিসরের হলেও এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। একই সঙ্গে এটি দেখায়, স্থানীয় সংস্কৃতি ও আবেগকে কেন্দ্র করেও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব।

