জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন। এর পর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।
অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার (২২ ফেব্রুয়ারি) এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসাবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো।
বর্তমানে হাবিবুল বাশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

