রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হারের পর রেফারির কক্ষে ঢোকার অভিযোগ, শাস্তি পাচ্ছেন না মেসি

ডেস্ক রিপোর্ট।।

মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুম শুরু হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলস-এর মাঠে নেমে ৩-০ গোলে হারে। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শট রাখতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচ শেষে মেসিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মায়ামির অধিনায়ক রেফারিদের প্রাঙ্গণের দিকে যাচ্ছেন। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়া ম্যাচ অফিসিয়ালদের কক্ষে প্রবেশ করেছেন তিনি।

অভিযোগের পর বিষয়টি নিয়ে ভিডিও বিশ্লেষণসহ পর্যালোচনা করে লিগ কর্তৃপক্ষ। পরবর্তীতে এমএলএস জানায়, মেসি লিগের কোনো নীতি লঙ্ঘন করেননি। ফলে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতেও যাচ্ছে না।

লিগের ব্যাখ্যায় বলা হয়, মেসি যে পথ দিয়ে প্রবেশ করেছিলেন, সেটি সীমাবদ্ধ এলাকা নয়। এছাড়া তিনি যে দরজা দিয়ে ঢুকেছিলেন, সেটি রেফারিদের লকার রুমের দরজা ছিল না।

এ বিষয়ে পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ইএসপিএনকে নিশ্চিত করেছেন, মেসি ম্যাচ অফিসিয়ালদের কক্ষে প্রবেশ করেননি। তার ভাষ্য, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন—রুমে ঢোকার ঘটনা ঘটেনি।

ম্যাচ শেষে মেসি রেফারির ওপর বিরক্ত ছিলেন কি না—এমন প্রশ্নে মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, তিনি মেসিকে হতাশ বা ক্ষুব্ধ অবস্থায় দেখেননি। ম্যাচ শেষেই তিনি লকার রুমে চলে গেছেন বলেও জানান এই আর্জেন্টাইন কোচ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন