পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে অভিযান শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। ‘গ্রিন-ক্লিন চাঁপাইনবাবগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বড় ইন্দারা মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন, বসবাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলার পাশাপাশি একটি সবুজ নগরী হিসেবে দেখতে চাই। মানুষ, প্রাণী ও গাছের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘গ্রিন-ক্লিন চাঁপাইনবাবগঞ্জ’ উপহার দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকরসহ, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

