বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের

ডেস্ক রিপোর্ট।।

সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এই পরামর্শ দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ইরানের পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও উপলব্ধ পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক—সবার জন্যই এই নির্দেশনা প্রযোজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি জারি করা সতর্কবার্তা পুনরায় মেনে চলতে হবে। নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ ও প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথি প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনও সীমিত হামলাকেও তারা ‘আগ্রাসন’ হিসেবে বিবেচনা করবে এবং পাল্টা প্রতিক্রিয়া জানাবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয় বিবেচনার কথা জানান।

ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দ্বিতীয় দফা পরোক্ষ বৈঠক হয়েছে। তবে পরবর্তী দফার আলোচনা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

উত্তেজনাপূর্ণ এই প্রেক্ষাপটে ভারত তার নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন