ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচন শেষ হলেও নির্বাচন কমিশনের কাজের পরিধি কমছে না।
তার ভাষ্য অনুযায়ী, সামনে উপনির্বাচনসহ বড় পরিসরের স্থানীয় সরকার নির্বাচন রয়েছে—যার মধ্যে ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা পরিষদ ও ৪৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অন্তর্ভুক্ত।
মাইকেল মিলার জানান, এসব স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইইউ কারিগরি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল নাসির কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে সম্পন্ন হওয়ায় ইইউ আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।

