বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে

ডেস্ক রিপোর্ট।।

সচিবালয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টায় তিনি নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। বন্দর অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম জোরদারে এই টার্মিনালের কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুপুর ১২টায় দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশেষভাবে সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে পরিবারের মৌলিক চাহিদা পূরণে সরাসরি প্রভাব পড়ে।

কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্র বলছে, বৈঠক শেষে কর্মসূচির কাঠামো, অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন