দিনাজপুরের হাকিমপুরে গভীর রাতে একটি পুকুর থেকে প্রায় ৯০ মণ মাছ চুরির অভিযোগ উঠেছে যুবদল নেতা শাহ আলম মণ্ডল ও আরও কয়েকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের মংলা গ্রামের একটি পুকুরে চুরির ঘটনা ঘটে। পুকুর মালিক শাহিনুর কবির উপজেলার চকভবানী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, শাহিনুর কবির ও তার ভাইয়েরা ওই পুকুরে মাছ চাষ করছিলেন। দুইটি পাঁকাঘর তৈরি করে স্থানীয়রা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। ঘটনার রাতেই আসামিরা মিশুক গাড়ি ও জাল নিয়ে পুকুরে প্রবেশ করে। পুকুরে মাছ ধরার সময় রক্ষাকর্মীকে তারা মারার হুমকি দেয় এবং প্রায় ৯০ মণ মাছ (মূল্য আনুমানিক ৯ লাখ টাকা) চুরি করে তিনটি পিকআপ ভ্যানে বহন করে নেয়।
মাছ চুরির বিষয়টি পুকুর মালিক মুঠোফোনে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা মাছ ও যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার সরকার জানান, দুইজনকে আটক করা হয়েছিল, পরে সম্পৃক্ততা না থাকায় ছাড় দেওয়া হয়েছে। তদন্ত চলছে, সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

