বাংলাদেশ জামায়াতে ইসলামি–র আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের। তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। তবে পথিমধ্যে হঠাৎ বমি করেন এবং দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে যেতে পারেননি।
তিনি দেশবাসীর কাছে জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেন।”
দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

